রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে এলএলবি ফাইনাল পরীক্ষায় নকল ধরাকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় নিউজ লাইভকে তিনি এ কথা জানিয়েছেন।

ভিসি বলেন, “অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করা হবে।
প্রফেসর আমানুল্লাহ বলেন, “পরীক্ষার হলে দায়িত্ব পালনরত শিক্ষকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না।”
তিনি জানান, ঘটনার বিষয়ে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। দায়িত্ব পালনকালে ওই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সোহেল রানা দুই শিক্ষার্থীকে নকল করতে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ওই দুই পরীক্ষার্থী শিক্ষককে লাঞ্ছিত করে এবং পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার সময় তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে অন্যান্য শিক্ষকের সহায়তায় আহত শিক্ষককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন, আইডিয়াল ল’ কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী রাসেল মিয়া ও শরিফুল ইসলাম।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
নিউজ লাইভ/৭মার্চ/পিএস
প্রশান্ত সুভাষ চন্দ, নিউজ লাইভ 



















