নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে এসে পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে এ অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় বসুরহাট পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল উদ্দিন, বিএনপি নেতা হাফেজ মো. শাহজাহন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হাই, যুবদল নেতা টিপু, ছাত্রদল নেতা আজমীর ও স্বেচ্ছাসেবক দল নেতা ফাহাদ সহ দলীয় নেতারা ফেসবুক লাইভে উপস্থিত ছিলেন।
নুরুল আলম শিকদার অভিযোগ করে বলেন, “মাদক বিরোধী কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর একটি কর্মসূচি আছে। আমরা সেই কর্মসূচির আলোকে বিভিন্ন স্থানে অফিসার ইনচার্জ এর উপস্থিতিতে মাদক বিরোধী সমাবেশ করেছি। একই সঙ্গে পুলিশকে সুনির্দিষ্টভাবে মাদক ব্যবসায়ী ও মাদকের বিভিন্ন স্পট চিহ্নিত করে দিয়েছি। দুর্ভাগ্যবশত সমাবেশ করার পর এখন মাদক ব্যবসা আরও জমজমাটভাবে চলছে।
যা বলেছেন নুরুল আলম শিকদার, (ভিডিও)
তিনি অভিযোগ করে বলেন, “থানার সোর্স দিয়ে ওসি সাহেবের লোকজন মাদক ব্যবসায়ীদের কাছে থেকে টাকা নিয়ে মাদক ব্যাবসা চালিয়ে যেতে সহায়তা করছে।”
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এই বিএনপি নেতা বলেন,“আমরা মাদক ব্যবসায়ী ও মাদক বিক্রির স্পট দেখিয়ে দিলে পুলিশের ইনকাম বেড়ে যায়। মাদক ব্যবসায়ী ও মাদক বিক্রির স্পটগুলো চিনে নেয়ার জন্যই পুলিশ আমাদের সঙ্গে থেকে মাদক বিরোধী সমাবেশ করছে।”
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ-এর উদ্দেশে করে জেলা বিএনপির এই সদস্য বলেন,“আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাদকের স্পটগুলো গুড়িয়ে না দিলে আমরা জনগণকে সাথে নিয়ে আপনার বিরুদ্ধে মানববন্ধন করবো।”
কোম্পানীগঞ্জ প্রতিনিধি, নিউজ লাইভ 




















