১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় প্রদান করেন। রায়কে কেন্দ্র করে ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুর কাদের মির্জা প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুমকি দিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার রায় ঘোষণার পরপরই তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এ হুমকি প্রদান করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন, “আপনি ২১’শে আগষ্ট ঘটিয়ে প্রিয় নেত্রীকে হত্যার ষড়যন্ত্র রচনা করার পরেও দেশের ক্রান্তিলগ্ন বিবেচনায় ফেব্রুয়ারির নির্বাচনে প্রিয়নেত্রী আপনার দলের প্রতি মৌন সমর্থন জানিয়েছিলেন। কিন্তু আজকে আপনি আবারও ফরমায়েশি রায় এর মাধ্যমে আপনার রাজনৈতিক অসহিষ্ণুতার যে ঘৃণ্য নজির স্থাপণ করেছেন। এর ফল আপনাকে ভোগ করতে হবে।”
কাদের মির্জা যা বলেছেন পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-
প্রিয় দেশবাসী, সালাম শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন!
গতকাল ফ্যাসিস্ট ইউনুস রচিত ক্যাঙ্গারু কোর্টে অবৈধ প্রধানমন্ত্রী তারেক রহমান এর পরিচর্যায় একটি ফরমায়েশি রায় প্রদান করেছেন। উক্ত রায়ে আমাদের নেতা- বাংলাদেশ আওয়ামি লীগ এর সফল বিপ্লবী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জনাব ওবায়দুল কাদের সাহেবকে ফাঁসির সাজা শোনানো হয়েছে।

আমি তীব্র ঘৃণাভরে এই রায়টিকে প্রত্যাখ্যান করছি। এবং সারা বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষ থেকে ফ্যাসিস্ট ইউনুস এর আপডেট ভার্সন হিসেবে খ্যাত তারেক রহমান উদ্দেশ্যে বলছি- আপনার বাবা মরহুম জেনারেল জিয়া এই অবৈধ কালো শক্তিকে বগল দাবা করে বাংলার মানুষের সাথে বেঈমানি করেছিলো। তার ফল স্বরূপ করুণ পরিণতি ভোগ করতে হয়েছিলো। আপনিও সেই একই পদাঙ্ক অনুসরণ করে আজকে পাকিস্তানপন্থী কালো শক্তির বগলের নিচে ঢুকেছেন। একটি স্থিতিশীল রাষ্ট্র দেয়ার প্রতিশ্রুতি দিয়ে দুধভাতের নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ অসাংবিধানিক প্রক্রিয়ায় সরকার গঠন করেছেন। মহামানবী শেখ হাসিনার রেখে যাওয়া শতভাগ বিদ্যুতায়নের দেশে আজকে ১২ ঘন্টারও বেশী সময় লোডশেডিং, নানান অন্যায় অনিয়ম, লাগামহীন দুর্নীতির মাধ্যমে এক মগের মুল্লকে পরিণত করেছেন। আপনারই মনোনীত স্পীকার বলছেন সরকারী অফিসারেরা চোর। আপনার মনোনীত রাষ্ট্রপতি বলছে “দেশে দুর্ণীতির হার বেড়েছে”। এছাড়াও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ আপনার দলের নেতাকর্মীদের লুটপাটে দেশবাসী আজকে অতীষ্ঠ। এমতাবস্থায় আপনি এখনো ইউনুসের প্রেসক্রিপশন অনুযায়ী সারাদেশে আওয়ামী নিধনের মহাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। আপনি ২১’শে আগষ্ট ঘটিয়ে প্রিয় নেত্রীকে হত্যার ষড়যন্ত্র রচনা করার পরেও দেশের ক্রান্তিলগ্ন বিবেচনায় ফেব্রুয়ারীর নির্বাচনে প্রিয়নেত্রী আপনার দলের প্রতি মৌন সমর্থন জানিয়েছিলেন। কিন্তু আজকে আপনি আবারও ফরমায়েশি রায় এর মাধ্যমে আপনার রাজনৈতিক অসহিষ্ণুতার যে ঘৃণ্য নজির স্থাপণ করেছেন। এর ফল আপনাকে ভোগ করতে হবে।
পরিশেষে বলবো- জননেতা ওবায়দুল কাদের সাহেব জেনারেল জিয়ার তীব্র রোশানলের মাঝেও জয় বাংলার জয়গান গেয়ে ৮১ তে প্রিয় নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করেছিলেন। ইনশাআল্লাহ জননেত্রীর আরেকটি রাজসিক প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য জননেতা ওবায়দুল কাদের সাহেব এর তৎপরতা এতটুকুও ম্রিয়মান হবেনা। জননেতা ওবায়দুল কাদের সাহেবকে তারেক রহমান এর বাপও দমাতে পারেনি। তারেক রহমান এর এই উপহাসের রায়ও পারবেনা।”
নিজস্ব প্রতিবেদক, নিউজ লাইভ 



















