বাংলাদেশ ব্যাংক এর সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলামকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৬ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছর মেয়াদে আইডিআরএর সদস্য (প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা অধিশাখার উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রজ্ঞাপনটিতে সাক্ষর করেছেন।
নিজস্ব প্রতিবেদক, নিউজ লাইভ 












