কোম্পানির বর্তমান পরিস্থিতি উত্তরণে করণীয় নিয়ে সারাদেশে কর্মরত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর কর্মকর্তাদের অংশগ্রহণে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৬ আগস্ট) বিকার তিনটায় এ মিটিং অনুষ্ঠিত হয়।
রাজধানীর ৩৫ তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মিটিংয়ের আয়োজন করা হয়।
কোম্পানির ডিএম অ্যান্ড ইনচার্জ মনির আহাম্মদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জুম মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন, কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিম ভূঞা।

শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চট্টগ্রাম নর্থ ডিভিশন ইনচার্জ মো. মফিজ উদ্দিন। কোরআন তিলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিম ভূঞা।

সভায় সারাদেশে কর্মরত ডিভিশনাল ইনচার্জ, মডেল জোন ইনচার্জ ও অপারেশন ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির বর্তমান পরিস্থিতি উত্তরণে করণীয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ব্যবসায় উন্নয়নে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে কোম্পানির বিরুদ্ধে চলমান অপপ্রচার রোধে সকলকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

সভায় কোম্পানির ওভারসিজ ডিভিশন ইনচার্জ রোকেয়া বেগম, ভিপি এস্টেট অ্যান্ড লিগ্যাল আজগর আলী, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, হেড অব আইটি মুহাম্মদ আব্দুল্লাহ আল নূর, সিএফও এ কে এম সামসুদ্দীন, ইস্টার্ন রিজিওন ইনচার্জ মো. আব্দুল হালিম, ওয়েস্টার্ন রিজিওন ইনচার্জ মো. হামিদুর রহমান আজাদ ও ডেভেলপমেন্ট ইনচার্জ লুৎফুল হায়দার অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক, নিউজ লাইভ 












