ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সঙ্গে সদ্য পদত্যাগকারী সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের একাধিক অপ্রকাশিত ছবি সম্প্রতি এই প্রতিবেদকের হাতে এসেছে। আর এতেই নতুন করে আলোচনায় এসেছে ফারইস্টের অর্থ আত্মসাতের ঘটনা। সামনে চলে এসেছে নজরুলের খুঁটির জোর কোথায় ছিল সেটি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে ছবিগুলো তোলা হয়েছিল। ছবিগুলো এর আগে কোথাও প্রকাশিত হয়নি।
ছবিতে দেখা যায়, নজরুল ইসলাম সাবেক রাষ্ট্রপতিকে কেক খাইয়ে দিচ্ছেন। একই সঙ্গে দুজনকে আন্তরিক পরিবেশে পাশাপাশি অবস্থান করতেও দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সংক্রান্ত একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে একটি মামলায় পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
নজরুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি তৎকালীন ক্ষমতাসীনদের প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের ভেতরে অনিয়ম ও দুর্নীতি করেছেন। তবে পেছন থেকে তাকে কে সাপোর্ট করতো সেটি অজানা ছিল। সম্প্রতি এ ছবিটি প্রকাশ পাওয়ার পর অনেকে ধারণা করছেন যে, সাবেক রাষ্ট্রপতিই তাকে ছায়া দিয়ে আগলে রেখেছিলেন। তবে নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে বা অভিযোগপত্রে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের নাম নেই।
ছবিগুলো প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ছবিগুলো কোনো অপরাধ বা আর্থিক অনিয়মে সাবেক রাষ্ট্রপতির সম্পৃক্ততার প্রমাণ হিসেবে গণ্য করা যায় না বলেও মনে করছেন অনেকে।
নিজস্ব প্রতিবেদক, নিউজ লাইভ 


















