ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পান লিমিটেড এর ডিভিশন ইনচার্জ, মডেল জোন ইনচার্জ ও জোন ইনচার্জদের নিয়ে ম্যানেজমেন্টের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় কোম্পানির প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় কোম্পানির চলমান কার্যক্রম, বীমা ব্যবসার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহিম ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির ইস্টার্ন রিজিওন ইনচার্জ মোজাম্মেল হক শাহিন, ওয়েস্টার্ন রিজিওন ইনচার্জ হামিদুর রহমান আজাদ, সিএফও কেএম সামচ্ছুদ্দিন এবং ডেভ অ্যাডমিন ইনচার্জ লুৎফুল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের ডিভিশন, মডেল জোন ও জোন ইনচার্জরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সভায় বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে বীমা খাতকে আরও গতিশীল করতে গ্রাহকসেবা বৃদ্ধি, মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর ওপর গুরুত্ব দেয়া হয়। একই সঙ্গে নতুন গ্রাহক সংযোজন, প্রিমিয়াম আদায় বৃদ্ধি এবং গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহিম ভূঁঞা বলেন, সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায় কোম্পানির সাফল্য অর্জন সম্ভব। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় হয়ে বীমা সচেতনতা বৃদ্ধি, নতুন ব্যবসা সংগ্রহ এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় আগামী দিনের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সুসংগঠিত পরিকল্পনা গ্রহণ এবং দেশব্যাপী কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এসময় কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কোম্পানির ব্যবসায় নতুন গতি সৃষ্টি হবে।
নিউজ লাইভ/৩০এপ্রিল/পিএস
নিজস্ব প্রতিবেদক, নিউজ লাইভ 


















