কক্সবাজার জেলার খুরুশকুল ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় নিহত নয়ন সাধুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ।
২৬ এপ্রিল (রবিবার) দুপুরে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল তাঁর সহধর্মিণী অঞ্জনা রানি শীলের সাথে সাক্ষাৎ করেন।
সংগঠনের সভাপতি শিমুল সাহার নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুন্ড, কক্সবাজার জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব সুমন দাস, সুজন ও শিমুল পালসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।
প্রতিনিধি দলের সদস্যরা নয়ন সাধুর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
নয়ন সাধুর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলটি কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নয়ন সাধু হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কক্সবাজার জেলার খুরুশকুল এলাকায় নয়ন সাধু(৫০) নামে এক পুরোহিতের অর্ধদগ্ধ ও ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি ওই এলাকার একটি মন্দিরে পূজার দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন সাধুর মরদেহ উদ্ধারের আগে তিনদিন নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান। পরে খুরুশকুলের দুর্গম জঙ্গল এলাকায় স্থানীয় লোকজন একটি গাছের সঙ্গে তার অর্ধদগ্ধ ও ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিউজ লাইভ/২৮ এপ্রিল/পিএস
প্রশান্ত সুভাষ চন্দ 



















