বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একই পরিবারের দুই প্রজন্মকে ঘিরে এক ব্যতিক্রমী অধ্যায় তৈরি হয়েছে । রাষ্ট্রনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে এ অধ্যায় রচিত হয়েছে। বয়সের দিক থেকে গড়ে উঠেছে এক অনন্য রেকর্ড। যেখানে সবচেয়ে কম বয়সে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েছিলেন বাবা জিয়াউর রহমান, সেখানে সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে আলোচনায় এসেছেন তারই পুত্র তারেক রহমান।
বাংলাদেশের রাষ্ট্রীয় নেতৃত্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সে নেতারা দায়িত্ব গ্রহণ করেছেন। তবে বয়সের এই বৈচিত্র্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে একটি পরিবার।
শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালের ১৭ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তখন তার বয়স ছিল প্রায় ৫১ বছর। এরপর ১৯৩৬ সালের ১৮ জানুয়ারি জন্ম নেওয়া জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তখন তার বয়স ছিল মাত্র ৪১ বছর। পরবর্তীতে ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব নেন হুসেইন মুহাম্মদ এরশাদ, তখন তার বয়স ছিল প্রায় ৫৩ বছর।
অন্যদিকে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ১৯৯১ সালের ২০ মার্চ। তখন তার বয়স ছিল প্রায় ৪৫ বছর। শেখ হাসিনা ১৯৯৬ সালের ২৩ জুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রায় ৪৮ বছর বয়সে। আর ১৯৬৭ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণকারী তারেক রহমান ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রায় ৫৮ বছর বয়সে। ফলে তিনিই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে রাষ্ট্রনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন। আর ৪১ বছর বয়সে রাষ্ট্রনায়ক হয়ে সবচেয়ে কম বয়সে রাষ্ট্রনায়ক হওয়ার রেকর্ড গড়েন তারেক রহমানের বাবা জিয়াউর রহমান।
একই পরিবারের দুই প্রজন্মের মধ্যে এমন বৈপরীত্যপূর্ণ রেকর্ড সত্যিই বিরল। রাষ্ট্রনায়ক হিসেবে যেখানে কম বয়সে দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েছেন বাবা, সেখানে অধিক বয়সে নেতৃত্বের দায়িত্ব নিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ছেলে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি এক অনন্য এবং আলোচিত অধ্যায় হয়ে থাকবে হয়তো আরও বহু যুগ।
(প্রশান্ত সুভাষ চন্দ, সম্পাদক, নিউজ লাইভ বিডি)
প্রশান্ত সুভাষ চন্দ 

















