নোয়াখালী-৫ শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের মডেল হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন আসনটির নবনির্বাচিত সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিউজ লাইভের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ফখরুল ইসলাম বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, সালিশ বাণিজ্য, মাদক ও সকল ধরনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবো। এখানে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা মাদক কারবারির স্থান হবে না।”
তিনি বলেন, “যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়েছি অতএব আমি জনগণের পক্ষেই থাকবো, কোনো অন্যায়-অবিচারের পক্ষ নেবো না।”
তিনি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেন, “এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা টেন্ডারবাজি ও সালিশ বাণিজ্যের সংস্কৃতি ভেঙে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ গড়ে তোলা হবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।
নবনির্বাচিত এ সংসদ সদস্য বলেন, “মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতেই হবে। কাজটি করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জমি-সংক্রান্ত বিরোধ বা সামাজিক বিরোধকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সালিশ বাণিজ্য না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তবে দলমত নির্বিশেষে এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।”
নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন আশা প্রকাশ করে বলেন, “নতুন এমপির এ প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।”
ফখরুল ইসলাম তার বক্তব্যের শেষে বলেন,“ আমার রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। অন্যায়, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমি আপসহীন থাকবো।”
নবনির্বাচিত সংসদ সদস্যের এ ঘোষণার মধ্য দিয়ে নোয়াখালী-৫ আসনে আইনশৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
নিউজ লাইভ/১৬ফেব্রুয়ারি/পিএস
প্রশান্ত সুভাষ চন্দ 












