ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই পদক্ষেপ নেওয়ায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে এটিকে একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই দেখছে নয়াদিল্লি।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে সরকারি সূত্র জানায়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
তবে সূত্রগুলো স্পষ্ট করে জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। ভারতীয় হাইকমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তর আগের মতোই খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সরকারি সূত্র আরও জানায়, এটি একটি রুটিন নিরাপত্তামূলক পদক্ষেপ, যার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বা দ্বিপক্ষীয় কার্যক্রমের কোনো পরিবর্তনের বিষয় জড়িত নয়।
নিউজলাইভ/২১জানুয়ারি/পিএস
স্টাফ রিপোর্টার, নিউজ লাইভ 


















