২০ বছর পর আজ পুণ্যভূমি সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম নির্বাচনি জনসভা। এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্য অনুসরণ করে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করনে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) সিলেটের উদ্দেশ্যে সন্ধ্যায় ঢাকা ছাড়বেন তিনি।
এর আগে গতকাল (মঙ্গলবার) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ির মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
ওই অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “বুধবার আমি সিলেট চলে যাবো। ইনশাআল্লাহ, পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করবো।”
তিনি আরও বলেন, “প্রচারণায় ব্যবহৃত গাড়িগুলো আগেই সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে।”
দলীয় কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমান বক্তব্য রাখবেন।
জনসভার শুরুতে তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনের প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
জনসভায় যোগ দেওয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নগরীর অলিগলি ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে।
দলীয় সূত্র জানায়, জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। জনসভার শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন নিবিড়ভাবে কাজ করছে। তার আগমন উপলক্ষে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। একই সঙ্গে তারেক রহমানের মাজার জিয়ারত উপলক্ষে মাজার কর্তৃপক্ষও তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।
দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের সিলেট সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। এই সফর ও জনসভা আসন্ন জাতীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে—সে দিকেই এখন নজর সবার।
নিউজলাইভ/২১জানুয়ারি/পিএস
নিজস্ব প্রতিবেদক, নিউজ লাইভ 












