নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে প্রতিপক্ষ মিথ্যা মামলা দায়ের করেছে বলে মন্তব্য করেছে বিএনপি নেতারা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে এ অভিযোগ করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রার্থী মো. ফখরুল ইসলামের জনপ্রিয়তার ভীত হয়ে প্রতিপক্ষ গ্রুপ গায়েবি মামলা নিয়ে মাঠে নেমেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দলের কিছু বঞ্চিতরা। ইনশাল্লাহ যত ষড়যন্ত্রই হোক নোয়াখালী-৫ আসনের মাটিতে ধানের শীষকে হারাবে এমন শক্তি এখন কারো নাই।
কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন বলেন, আমাদের প্রার্থী নিজেই একজন জুলাই যোদ্ধা। তিনি সারাজীবন আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত। এখন তার সেই অর্জন গোপন করে ষড়্যন্ত্রকারীরা রাজধানীর মামলায় তাকে আসামি করেছে। যা হাস্যকর। আমরা অবিলম্বে এ মামলা প্রত্যাহার চাই।
কোম্পানীগঞ্জের বসুরহাট জিরো পয়েন্টে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম।
উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সগীর, বসুরহাট পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলার মাজহারুল হক তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ ও উপজেলা ছাত্রদলের নেতা আজিজ আজমীর প্রমুখ।
নিউজলাইভ/২৩ডিসেম্বর/পিএস
নিজস্ব প্রতিবেদক, নিউজ লাইভ 












