জুলাই যোদ্ধা ও নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফখরুল ইসলামকে ষড়যন্ত্রমূলক জুলাই হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা দল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল শেষে জিরো পয়েন্টে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির সভানেত্রী ভিপি সাহানা পারভীন বলেন, মোহাম্মদ ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে ফ্যাসিস্টবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে মানুষের আস্থা অর্জন করেছেন। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও অবিলম্বে এ মামলার প্রত্যাহারের দাবি জানাই।
তিনি আরও বলেন, ফখরুল ইসলাম বিএনপির জনপ্রিয় ব্যক্তি। তিনি নোয়াখালী-৫ আসনে তারেক রহমানের প্রতিনিধি এবং ধানের শীষের কাণ্ডারী। তার বিরুদ্ধে জুলাই হত্যার মিথ্যা মামলা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় জেলা মহিলা দলের সভাপতি সাহানা পারভীন ছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা দলের নেত্রী রওশন আরা, নাঈমা ফেরদাউস ববি, জোসনা আরাসহ অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলমগীর সেখ নামে একজন নিহত হওয়ার ঘটনায় কুষ্টিয়ার কুমাখালী এলাকার মো. সোহানুর রহমান বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে করা মামলায় নোয়াখালী-৫ আসনের বিএনপির প্রার্থী মো. ফখরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারকে আসামি করা হয়েছে।
নিউজলাইভ/২৩ডিসেম্বর/পিএস
নিজস্ব প্রতিবেদক, নিউজ লাইভ 



















