অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলাম। নিজ এলাকায় ব্যাপক অবৈধ অস্ত্র আছে দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
রোববার (৭ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ দাবি জানান তিনি।
মো. ফখরুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জার ক্যাডাররা কোম্পানীগঞ্জে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করত। তারা পালিয়ে গেলেও এখনো সেই অস্ত্র এলাকায় আছে। আগামি নির্বাচনে এসব অস্ত্রের অপব্যবহার হতে পারে। তাই এসব অস্ত্র উদ্ধারে প্রশাসনকে তড়িৎ ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জে অবৈধ বালু ব্যবসায় রাস্তাঘাটের ক্ষতি, ঘাট দখল করে চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, সন্ত্রাসী কার্যক্রমে এলাকার মানুষ অতিষ্ট। এসব নিয়ন্ত্রণ করে এলাকার মানুষকে স্বস্তি দিতে হবে। অন্যথায় আগামি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে।
ফখরুল ইসলাম আগামি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরণের অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আনিছুল হক, সদস্য একরামুল হক মেম্বারসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
নিউজলাইভ/৯ডিসেম্বর/পিএস
প্রশান্ত সুভাষ চন্দ 












