১৭ বছর পর দেশের মানুষ গণতন্ত্র রক্ষায় নির্বিঘ্নে ভোট দিতে উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বসুরহাট মেট্রো টাওয়ারে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল ইসলাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের বিপ্লব ঘটবে। মাঠ পর্যায়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। এ জোয়ারকে ধরে রেখে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। অন্যথায় এ দেশের গণতন্ত্র নস্যাত হয়ে যেতে পারে।
ফখরুল ইসলাম বলেন, নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা এবং সদরের দুটি ইউনিয়নে ১৫৫টি ভোটকেন্দ্রে ধানের শীষের কমিটি গঠন চলছে। এখানে যুবদলের সক্রিয় কর্মীরা জোরালো ভূমিকা রাখবে বলে আমি আশা করি।
তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে প্রতিপক্ষসহ কারও সঙ্গে বৈরিতা নয়, বরং সৌহার্দপূর্ণ আচরণের মাধ্যমে ভোটারদের মন জয় করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। কোথাও কোনো অপ্রীতিকর কিছু দেখলে আপনারা দলের নেতৃবৃন্দসহ প্রশাসনের নজরে আনবেন।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন ও যুগ্ম-আহ্বায়ক সালাহ উদ্দিন সুমন প্রমুখ।
নিউজলাইভ/৯ডিসেম্বর/পিএস
প্রশান্ত সুভাষ চন্দ 












