আজ বিকালে ঘোষিত হবে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃত্বে যৌথ জোট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোটটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
তিন দলের সমন্বয়ে গঠিত এই নতুন জোটের নাম ও কর্মপরিকল্পনা আজ রবিবার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটির আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে এনসিপির পক্ষ থেকে সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সম্পাদক (মিডিয়া সেল) মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে জানান, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের লক্ষ্যে যারা কাজ করছেন, তাদের অংশগ্রহণে এই ঐক্য গঠিত হচ্ছে। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক কাঠামো বিনির্মাণের উদ্দেশ্যে তিনটি দলের সমন্বয়ে রাজনৈতিক ও নির্বাচনী জোট ঘোষণা করা হবে।”
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন–—এই তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে জোটের এই উদ্যোগ আলোচনা সৃষ্টি করেছে। নির্বাচনকে সামনে রেখে আরও কয়েকটি ছোট রাজনৈতিক দল এ জোটে যোগ দিতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।
নিউজ লাইভ/০৭ডিসেম্বর/পিএস
প্রশান্ত সুভাষ চন্দ 












