খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ হামায়াতে ইসলামী। আসনটিতে এবার প্রার্থী দেওয়া হয়েছে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। এর আগে আসনটিতে প্রার্থী দিয়েছিল মাওলানা আবু ইউসুফকে।
গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের জন্য আনুষ্ঠানিকভাবে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়। পূর্ব ঘোষিত পাঁচটি আসনের প্রার্থী ঠিক থাকলেও শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থী করা হয়েছে।
গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এটি আলোচিত হয় এবং ওই সিদ্ধান্তই বহাল রাখা হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান।
বিষয়টি স্বীকার করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী নিউজ লাইভকে বলেন, “আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর আমিরে জামায়াত প্রার্থী ঘোষণা দিয়েছেন এবং আজ (বুধবার) স্থানীয় বোর্ডে চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই প্রচারণা শুরু করবো।”
আগে ঘোষিত প্রার্থী সম্পর্কে কৃষ্ণ নন্দি বলেন, “১ ডিসেম্বর আমিরে জামায়াত আমাদের দুইজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। তাছাড়া জামায়াতের মধ্যে কোন দ্বন্দ্ব নেই।”
আগে ঘোষিত জামায়াতের প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, “জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী। তার পক্ষে আমি প্রচারণা শুরু করেছি। যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথা সম্ভব কাজ করবো,ইনশাআল্লাহ।”
নিউজলাইভ/০৩ ডিসেম্বর/ পিএস
প্রশান্ত সুভাষ চন্দ 












